মৌলভীবাজার প্রতিনিধি | ১১ জানুয়ারী, ২০১৬
মৌলভীবাজারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চার গুণী ব্যক্তিকে 'শিল্পকলা একাডেমি সম্মাননা' দেয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সম্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর শামসুজ্জামান খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, লেখক গবেষক মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু।
সঙ্গীতে অবদানের জন্য ছায়া রায়, নৃত্যে মনিপুরী শিল্পী কৃষ্ণকুমারী সিনহা, লোক-শিল্পে নন্দলাল শর্মা এবং একতারায় জালাল নুরীকে সম্মাননা দেওয়া হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।