ডেস্ক রিপোর্ট | ১১ জানুয়ারী, ২০১৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া বলেছেন, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর অবদান অপরিসীম। মানব সেবায় এই মেডিকেল কলেজ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এ কলেজে ভর্তি হওয়ায় ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণদের ধন্যবাদ জানান।
তিনি ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করে বলেন, মানব সেবা ও মানুষের কল্যাণে কাজ করার মন মানসিকতা নিয়ে শিক্ষার্থীদেরকে লেখাপড়া করতে হবে। আজ যারা অধ্যয়নরত হয়েছেন আগামী ৫ বছরের মধ্যে ভালো রেজাল্ট করার মাধ্যমে উন্নতমানের চিকিৎসক হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। আমি আশা করি তোমরা শিক্ষাজীবন শেষ করে একজন দক্ষ চিকিৎসক হয়ে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করবে।
তিনি ১১ জানুয়ারি সোমবার সকালে কলেজের ১নং ফাহিম লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত দক্ষিণ সুরমার নর্থ-ইষ্ট মেডিকেল কলেজের ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষে ১ম বর্ষ এম.বি.বি.এস ১৯তম ব্যাচ ও ১ম বর্ষ বিডিএস ২য় ব্যাচে ভর্তিকৃত ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে প্রারম্ভিক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নর্থ-ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নূরুল আম্বিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং ডা. ইয়াসমিন আক্তার ও ডা. ফাহমিদা বেগম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সায়েন্সেস-এর ডীন অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী, নর্থ-ইষ্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজল মিয়া, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, প্রফেসর ডা. এ.কে.এম হাফিজ, প্রফেসর ডা. রুহুল আমিন, প্রফেসর ডা. মীর মাহবুবুল আলম, পরিচালক এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও ডা. শামীমুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নর্থ-ইষ্ট মেডিকেল কলেজের পরিচালক ডা. নাজমুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নর্থ-ইষ্ট মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানগণ, অভিভাবকদের পক্ষে এডভোকেট এম.এ কুতুব উদ্দিন, ছাত্র ছাত্রীদের পক্ষে আব্দুল কাদির, মিনহাজ রউফ, সাফিয়া জান্নাত প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নর্থ-ইষ্ট মেডিকেল কলেজ মসজিদের মুয়াজ্জিন হাফিজ আলাউর রহমান।