Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫

জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আন্দোলনে আহত ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং শহিদ পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

বিয়ানীবাজারের একটি পার্টি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সিলেট জেলার সংগঠক আজহার উদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সংগঠক আব্দুর রহিম।

সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজারের ব্যবসায়ী ও আয়েশা হক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আমিন।

সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, বৈষম্যবিরোধী আন্দোলন এবং শহিদ পরিবারগুলোর দাবির বিষয়ে আলোচনা করেন।

বক্তব্য রাখেন ব্যাংকার কামরুল হাসান লোদী, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহিদ আবু তোরাবের ভাই জাবুর আহমেদ, ডা. শাহিদ আহমেদ তুহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইমন এবং ব্যবসায়ী সালেহ আহমদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "আমাদের প্রথম কাজ হওয়া প্রয়োজন গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা, যা হবে জনগণের বিজয়ের দলিল। এদেশের জনগণ কখনো কোনো স্বৈরতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী হতে দেয়নি এবং এবারও দেবে না। ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমেই রাষ্ট্র পুনর্গঠন সম্ভব, এবং নাগরিক কমিটি সেই লক্ষ্যে কাজ করে যাবে।"

সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কার্যক্রমকে বেগবান করার প্রতিশ্রুতি দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.