সিলেটটুডে ডেস্ক | ২১ জানুয়ারী, ২০২৬
জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ৮ম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ বুধবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গভর্নিং বডির চেয়ারম্যান ও ৫২ ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীরা একযোগে শত শত বেলুন উড়িয়ে দিলে পুরো মাঠজুড়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর রহমান শিক্ষার্থীদের সহশিক্ষা ও অতিরিক্ত পাঠক্রমিক কার্যক্রমে উপজেলা থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সাফল্যের কথা তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বের ওপর জোর দেন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির প্রশংসা করেন। একই সঙ্গে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল) এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তিনি অধ্যক্ষকে অভিনন্দন জানান।
শাহজালাল, ওসমানী ও মুশফিক হাউসের শিক্ষার্থীরা তায়কোয়ানডোসহ বিভিন্ন স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শাহজালাল হাউস চ্যাম্পিয়ন এবং মুশফিক হাউস রানার্স-আপ হয়।
কলেজ শাখায় আতকিয়া ফাইরুজ রাফা এবং স্কুল শাখায় তুফায়েল আহমেদ চৌধুরী সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন।
অনুষ্ঠানের শেষ পর্বে “সংস্কৃতি ও সম্প্রীতির উৎসব” শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।