সংবাদ বিজ্ঞপ্তি | ১৩ ফেব্রুয়ারী, ২০১৬
ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর উদ্যোগে রাজশাহীর কাজীহাটা এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে আজ থেকে দুই দিনের (১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০১৫ তারিখ) আদিবাসী ছাত্র-ছাত্রী ও আদিবাসী নেতৃবৃন্দদের নিয়ে "Training For Human Rights Defenders On Gender” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে রাজশাহী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০ জন আদিবাসী ছাত্র-ছাত্রী ও আদিবাসী নেতৃবৃন্দ অংশগ্রহণ করছে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ(আইবিএস) এর পরিচালক স্বরোচিষ সরকার। উপস্থিত ছিলেন আইইডির প্রজেক্ট কো-অর্ডিনেটর জ্যোতি চট্টোপাধ্যায়, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহীর ১, ২ ও নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসা. তাহেরা বেগম মিলি, এএলআরডির প্রশিক্ষক মির্জা আজিম হায়দার, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো প্রমুখ।
প্রশিক্ষণ কর্মসূচিতে সাঁওতাল, উরাও, মুন্ডা, মাহাতো, মালপাহাড়ী, সিং, সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন।
ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর কাজ মূলত সমাজ রূপান্তরের লক্ষ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তাদের সৃজনশীল চিন্তা ও স্বতঃস্ফূর্ত উদ্যোগসমুহকে সামাজিক জাগরণে সংগঠিত করতে সহযোগীর ভূমিকা পালন করা । স্থানীয় ও জাতীয় পর্যায়ে যুব, নারী, দরিদ্র, প্রতিবন্ধী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, স্বেচ্ছাসেবী জনগণের গঠনমূলক যেকোনো ব্যক্তিগত এবং সামাজিক প্রয়াসই আইইডি-র কাছে গুরুত্ববহ। আইইডি জনসম্পৃক্ত থেকে অধিকারমুখী গতিশীল সমাজ রূপান্তরে আস্থাবান।
এরই ধারাবাহিকতায় আইইডির উদ্যোগে রাজশাহী অঞ্চলে আদিবাসীদের এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।