Sylhet Today 24 PRINT

সনাতনী সম্প্রদায়ের পুড়ে যাওয়া ঘর পুনর্নির্মাণ করে দিলেন সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থী মালিক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৮ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট মহানগরীর ২৯নং রায়গ্রামে সনাতনী সম্প্রদায়ের ঘরবাড়ি পুড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে শোক ও উদ্বেগ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী এম এ মালিক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে ঘরবাড়ি পুনর্নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন এবং অল্প সময়ের মধ্যেই তা সম্পন্ন করে উদ্বোধন করেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মালিক বলেন, “ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি। একজন মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আসল মানবতা।”

বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের প্রেস বিভাগ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এম এ মালিক বলেন, এই দুর্যোগের সময় পুরো এলাকার মানুষ যেভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে যুবসমাজ ও মুরুব্বিদের সহযোগিতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ধরনের মানবিক বিপর্যয়ে দলীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে সামাজিক দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, “বিএনপি তিনবার এ দেশ শাসন করেছে এবং সব ধর্মের মানুষের আস্থা অর্জন করেছে। সনাতনী সম্প্রদায়ের অসংখ্য নেতা আজ বিএনপিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন—এটাই প্রমাণ করে বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।

অনুষ্ঠানে তিনি বেগম খালেদা জিয়ার প্রতি আনুগত্য প্রকাশ করে বলেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি এই এলাকার মানুষের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন।

শেষে এম এ মালিক শপথ করে বলেন, “আমি আল্লাহর নামে অঙ্গীকার করছি—দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এই এলাকাকে গড়ে তুলব। ইনশাল্লাহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জকে বাংলাদেশের অন্যতম সেরা এলাকা হিসেবে গড়ে তুলব।”

এসময় সনাতনী সম্প্রদায়ের নেতা টুটুল চন্দ্র, শ্যামল দত্তসহ সকল নেতৃবৃন্দ এম এ মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার এই মানবিক উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.