সিলেটটুডে ডেস্ক | ১৮ এপ্রিল, ২০২৬
সিলেট ইতিহাস ও ঐতিহ্য গবেষণা পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গবেষক হাবিব আহমদ দত্তচৌধুরীকে সভাপতি, গবেষক অপূর্ব শর্মাকে সাধারণ সম্পাদক এবং কবি রাহনামা শাব্বীর চৌধুরীকে অর্থ সম্পাদক করে তিন বছর মেয়াদের ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি শামিম আহমদ চৌধুরী, সহসভাপতি আব্দুল করিম চৌধুরী কিম, সাংগঠনিক সম্পাদক আহমাদ সেলিম, সদস্য এহ্তেশাম বখত মজুমদার, এ এফ এম শহীদুল ইসলাম সেলিম, রণদীপম বসু, রওশন আরা বাঁশি ও আসিফ আযহার।
নগরীর মীর্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন-এর হলরুমে শুক্রবার রাতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ, প্রফেসর মোহাম্মদ জহিরুল হক, কবি শাব্বীর জালালাবাদী এবং গবেষক মিহিরকান্তি চৌধুরী।
সিলেটের প্রাচীন ইতিহাস, পুঁথি, দলিল, দুর্লভ আলোকচিত্র, লোকগীতি, প্রবাদ-প্রবচন ও স্থাপত্য নিদর্শন সংগ্রহ করে একটি সমৃদ্ধ ডিজিটাল আর্কাইভ গড়ে তোলার উদ্দেশ্যে গঠন করা হয়েছে এই সংগঠন।