Sylhet Today 24 PRINT

স্কলার্সহোমে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০২৬

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১১ জন শিক্ষার্থীকে সম্মানসূচক সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন, একাডেমিক কো-অর্ডিনেটর সুমিত্রা মজুমদার, শিক্ষক-শিক্ষিকা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মমিতা সিনহা।

অধ্যক্ষ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায়, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার সমন্বয়েই এ সাফল্য অর্জিত হয়েছে। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও বড় সাফল্য অর্জনের জন্য নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে আজমাঈন চৌধুরী অনুভূতি প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়। সে ভবিষ্যতেও নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জনের অঙ্গীকার ব্যক্ত করে।

অভিভাবকদের পক্ষ থেকে অ্যাডভোকেট সোহেল আহমদ বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা, শিক্ষকদের আন্তরিকতা এবং সুপরিকল্পিত শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মানসূচক সনদ তুলে দেওয়া হয়। উষ্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ভবিষ্যৎ সাফল্যের অনুপ্রেরণা এবং শিক্ষার উৎকর্ষ অর্জনের পথে এক স্মরণীয় আয়োজন হিসেবে সকলের প্রশংসা অর্জন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.