সিলেটটুডে ডেস্ক | ০৩ আগস্ট, ২০২৬
সাইবারনেটিক্স রোবো একাডেমিতে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকালে সিলেট নগরীর সাগরদিঘীরপাড় এলাকায় একাডেমি কার্যালয়ে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। মূলত শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজনটি করে সাইবারনেটিক্স রোবো একাডেমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সাইবারনেটিক্স রোবো একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ হোসেইন বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষতা অর্জনের বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন-সৃজনশীলতা এবং প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
এ সময় তিনি শিশু-কিশোরদের প্রযুক্তি হতে দূরে সরিয়ে না রেখে বরং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহণ করে একাডেমির শিক্ষা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন ইতিবাচক মতামত তুলে ধরেন।
দ্বিতীয় পর্বে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জনকারী ‘স্টার কিডস’দের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। কোডিং, রোবোটিক্স ও ইলেকট্রনিক্স কোর্স সফলভাবে সম্পন্নকারী স্কুল শিক্ষার্থীদের এই সার্টিফিকেট প্রদান করা হয়।
এছাড়াও ‘ফিফা এক্স আইসিটি কুইজ প্রতিযোগিতা-২০২৬’ এর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি সার্টিফিকেট তুলে দেন। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিল।