Sylhet Today 24 PRINT

সিলেটে স্কুলশিক্ষার্থীদের স্টেম শিক্ষা প্রসারে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০২৬

সিলেটে স্টেম শিক্ষা প্রসারে সিলেটের প্রথম এডটেক কোম্পানি সাইবারনেটিক্স রোবো লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সাইবারনেটিক্স রোবো একাডেমি ও হ্যালো কিডস ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (৩ আগস্ট) হ্যালো কিডস ইন্টারন্যাশনাল স্কুলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সিলেটে শিক্ষার্থীদের জন্য স্টেম (Science, Technology, Engineering and Mathematics) শিক্ষা সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাইবারনেটিক্স রোবো একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ হোসেইন ও হ্যালো কিডস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হাফশা শামা স্বাক্ষর করেন। এ সময় সাইবারনেটিক্স রোবো একাডেমির এডমিন কো-অর্ডিনেটর জান্নাত নিশাত চৌধুরী ও প্রোগ্রামিং শিক্ষক ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

চুক্তি স্মারক স্বাক্ষরকালে জানানো হয়, ‘এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য স্টেম শিক্ষা, প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ, কর্মশালা-সেমিনার ও বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিচালনায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা-সৃজনশীলতা ও বাস্তবমুখী জ্ঞান বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করা হবে।’’

সাইবারনেটিক্স রোবো লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান সাইবারনেটিক্স রোবো একাডেমি ২০১৮ সাল থেকে সিলেটের বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের জন্য কোডিং, ইলেকট্রনিক্স ও রোবটিক্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই বিভিন্ন বয়স এবং দক্ষতার শিক্ষার্থীদের উপযোগী নিজস্ব শিক্ষণ-সহায়ক পণ্য উদ্ভাবন ও বাজারজাত করছে; যা প্রযুক্তিনির্ভর শিক্ষাকে আরও কার্যকর-সহজলভ্য করতে ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও উল্লেখ করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রযুক্তিখাতের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে উঠলে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তবভিত্তিক শিক্ষা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। সিলেটে স্টেম শিক্ষার প্রসারে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.