Sylhet Today 24 PRINT

সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল এক্সপার্ট এডুকেশন এন্ড ভিসা সার্ভিস

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ আগস্ট, ২০২৬

সিলেটের সরকারি শিশু পরিবারের (বালিকা এতিমখানা) শিশুদের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এক্সপার্ট এডুকেশন এন্ড ভিসা সার্ভিস। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরের এয়ারপোর্ট রোডে শতাধিক গাছের চারাও রোপণ করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের ২৩ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার নগরের রায়নগরের সরকারি শিশু পরিবারে থাকা ৯৩ জন শিশু ও প্রতিষ্ঠানটির ১০ জন কর্মীকে নিয়ে দিনভর নানা আয়োজন করা হয়। সকাল থেকে শিশুদের সঙ্গে খেলাধুলায় অংশ নেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। শিশুদের জন্য নিয়ে যাওয়া হয় ছোট ছোট উপহারও। দুপুরে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের, পরিবেশন করা হয় মুখরোচক খাবার।

এর আগেরদিন নগরের এয়ারপোর্ট রোড এলাকায় প্রায় শতাধিক গাছের চারা রোপণ করে প্রতিষ্ঠানটি। আয়োজকরা জানান, তুলনামূলক কম গাছপালাযুক্ত এই সড়কে বৃক্ষরোপণ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে এক্সপার্ট এডুকেশন এন্ড ভিসা সার্ভিসের ম্যানেজার দেবব্রত কর বলেন, আমাদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যেহেতু আমাদের জন্য একটা অর্জন এবং বিশেষ দিন, তাই আমরা স্পেশাল কিছু মানুষের সাথে এই দিনটা উপভোগ করতে চেয়েছি। সেই উদ্দেশ্যেই আমাদের সরকারি শিশু পরিবারে আসা।

মধ্যাহ্নভোজ ও উপহার বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সকাল থেকে এখানে বাচ্চাদের সাথে খেলাধুলা করেছি, তাদের জন্য বিভিন্ন ছোট ছোট গিফট নিয়ে এসেছি। তারপর দুপুরে আমরা একটু মধ্যাহ্নভোজের আয়োজন করেছি, কিছু খাবার। আমরা এর আগেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করেছি। আমরা সমাজে সবার সাথে সুন্দর একটা পৃথিবী নির্মাণ করতে চাই। আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমরা সবসময় চেষ্টা করি সমাজের ছিন্নমূল শিশুদের পাশে থাকা, পরিবেশের সাথে থাকা এবং এভাবেই সমাজের সাথে কিছু না কিছু কন্ট্রিবিউট করা। সেই প্রচেষ্টা থেকেই আজকের এই দিনটা উদযাপন।

বৃক্ষরোপণ কার্যক্রম প্রসঙ্গে দেবব্রত কর বলেন, আমরা চাই সব শ্রেণিপেশার মানুষ পৃথিবীর জন্য কিছু করুক, গাছ লাগাক, পরিবেশের ভারসাম্য রক্ষা করুক। আমরা আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই এয়ারপোর্ট রোডে, যেখানে গাছপালার সংখ্যা অনেক কম, সেখানে প্রায় ১০০টার মতো গাছ লাগিয়েছি। আমরা আরও কিছু লাগাব এবং এটা আসলে একদিনের কোনো অভিযান নয়, এটা চলমান থাকবে। আমরা হয়তো আজকে মিডিয়ার সামনে কথা বলছি, কিন্তু মিডিয়ার অগোচরেও আমরা বিভিন্ন সময় নিজ উদ্যোগে, প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত পর্যায় থেকে বৃক্ষরোপণ করে থাকি। আমার আহ্বান থাকবে, সমাজের সকল শ্রেণিপেশার মানুষ যেন পৃথিবীর প্রতি দায়বদ্ধতা থেকে পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকে বেশি বেশি করে গাছ লাগাই এবং পৃথিবীকে একটি বাসযোগ্য সবুজ পৃথিবী হিসেবে গড়ে তুলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.