Sylhet Today 24 PRINT

ছাতকে রোটারেক্ট ক্লাব অব জালালাবাদের বৃক্ষরোপণ কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩০ আগস্ট, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজী নুরুউল্লাহ তালুকদার দশগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারেক্ট ক্লাব অব জালালাবাদ।

ক্লাবের সেক্রেটারি মাহবুব আল মারুফের পরিচালনায় এবং সভাপতি মিফতা উদ্দিন জামির সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিথযশা আইনজীবী, শিক্ষানুরাগী এডভোকেট চাঁন মিয়া। তিনি বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট জমির উদ্দিন বাবুল ও ছাতক কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম বাবুল এবং বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক আশরাফুল হক।

কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে অর্ধ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। বিভিন্ন প্রজাতির এসব গাছের মধ্যে রয়েছে শিক্ষার্থী ও স্থানীয়দের উপকারে আসবে এমন ফলদ গাছের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বনজ গাছ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও নান্দনিক করে তুলবে।

তারা বলেন, রোটারেক্ট ক্লাব অব জালালাবাদের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারেক্ট অঙ্গনের জনপ্রিয় মুখ রোটার‍্যাক্টর পিপি সাইফুর রহমান সাইফসহ ক্লাবের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে রোটারেক্ট ক্লাব অব জালালাবাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.