Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে ও হাজী নাজির মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০২৬

প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থ ও ভালোবাসায় সিক্ত হয়ে সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে 'হাজী নাজির মিয়া ফাউন্ডেশন'। সম্প্রতি ইউনিয়নের সাবাজপুর গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে ৯টি ওয়ার্ডের কয়েক শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

হাজী নাজির মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. হেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক, সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পুত্র ব্যারিস্টার মো. আবরার ইলিয়াস অর্ণব।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বিশ্বনাথের প্রবাসীদের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, 'বিশ্বনাথের প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি এলাকার আর্তমানবতার সেবায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করেও তারা নিজেদের শেকড় ও এলাকার অসহায় মানুষের কথা ভুলে যাননি। প্রবাসীদের এই উদারতা ও সামাজিক দায়বদ্ধতা আমাদের সমাজকে আরও মানবিক ও সমৃদ্ধ করছে।'

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লন্ডন রিজিওনের সেক্রেটারি এবং হাজী নাজির মিয়া ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার ও বিশিষ্ট সমাজসেবক তুফাজ্জল আলমের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সমাজসেবক ও বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খাঁন মুন্না, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী খলিলুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক হাজী তুতা মিয়া, ম্যানচেস্টার জামে মসজিদের চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী হাজী আনছার উদ্দিন এবং ল কলেজের সাবেক সাধারণ সম্পাদক মো. নেছাওর আলী (বিএ)।

বক্তারা প্রবাসীদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ দশঘর ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আসা শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.