সিলেটটুডে ডেস্ক | ১৫ নভেম্বর, ২০২৬
ভারতের আদিবাসী জনগোষ্ঠীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস ও অসামান্য অবদানকে সম্মান জানাতে এবং মহান আদিবাসী নেতা ভগবান বিরসা মুন্ডার জীবন, সংগ্রাম, সাহসিকতা ও অবিস্মরণীয় উত্তরাধিকার স্মরণে সিলেটে ‘জনজাতীয় গৌরব দিবস-২০২৬’ উদযাপন করেছে ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেট।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, ভগবান বিরসা মুন্ডার জীবন ও সংগ্রাম ভারতের আদিবাসী জনগোষ্ঠীর আত্মপরিচয়, অধিকার, সাহসিকতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য অনুপ্রেরণা। তাঁর আদর্শ ও অবদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রী পিডিসন প্রধান, শ্রী গৌরাঙ্গ পাত্র, শ্রী শিবানন্দ সিনহা, শ্রী অরুণ মুন্ডা, শ্রীমতি লালরুতি লুসাই, সুশ্রী তনুশ্রী চাকমা, সুশ্রী ইশরাত আক্তার, সুশ্রী লাইতোনজাম অন্তরাসারিকা এবং সুশ্রী অন্নয় রানী মাহাতো।
বক্তারা তাঁদের বক্তব্যে ভারতের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং সমাজ ও রাষ্ট্র গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে ভগবান বিরসা মুন্ডার আত্মত্যাগ, নেতৃত্ব ও সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ভারতের স্বাধীনতা আন্দোলন ও আদিবাসী অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভগবান বিরসা মুন্ডার অবদান বিশেষভাবে স্মরণীয়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং ভারতের আদিবাসী জনগোষ্ঠীর গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক পরিচিতি তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর ১৫ নভেম্বর ‘জনজাতীয় গৌরব দিবস’ পালন করা হয়।
অনুষ্ঠানটি ভারতের আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁদের ইতিহাস ও আত্মপরিচয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।