Sylhet Today 24 PRINT

জাতির জীবনে পয়লা বৈশাখ বৈচিত্র্য নিয়ে আসে: ন্যাপ

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ এপ্রিল, ২০১৬

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া আজ বুধবার এক বিবৃতিতে বলেছেন,

“১লা ১৪২৩, বাংলাদেশের মানুষ হৃদয় উৎসারিত আনন্দ হিল্লালে বাংলা নববর্ষ বরণ করবে। বাংলা নববর্ষের এই উৎসবে বাংলাদেশ ন্যাপ দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের জানায় আন্তরিক শুভেচ্ছা।

নেতৃত্বয় বলেছেন, জাতির জীবনে পয়লা বৈশাখ নূতন আঙ্গিক, রূপ, বর্ণ ও বৈচিত্র্য নিয়ে আসে বার বার। এ দিনে স্বজাতির লোকজ ঐতিহ্যের পরম্পরায় তার শিল্প, সাহিত্য, ভাষা, শিক্ষা, জ্ঞানচর্চা, আচরণবিধি, ধর্ম বিশ্বাস, সংগীত, সামাজিক উৎসব, খাদ্যাভ্যাস, ক্রীড়া মনন ও বুননের চালচিত্র ফুটে উঠে। দীর্ঘকাল ধরে গড়ে ওঠা আমাদের ভাষা-সাংস্কৃতিক ঐতিহ্যের অহংকারকে বিদেশী আধিপত্যবাদী অপশক্তি ধূলিসাৎ ও খর্ব করার নানা ষড়যন্ত্র করেছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা কখনো সফল হতে পারেনি। পয়লা বৈশাখ আমাদের সেই গর্বিত ঐতিহ্যকেই আনন্দের মহাসমারোহে স্মরণ করিয়ে দেয়, জেগে ওঠে জাতির আত্মপরিচয়।

তারা বলেছেন, নানা ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী ১৪২২ সালের চৌকাঠ ডিঙ্গিয়ে ১৪২৩ সালের দুয়ারে উপস্থিত হয়েছি। গত বছরের দুঃখ, অবসাদ-ক্লান্তি, হতাশা-গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার নির্দেশনা নিয়ে এসেছে নূতন বাংলাবর্ষ। বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। হাজার বছরের স্বজাতির সাংস্কৃতিক বিনির্মাণের পরিক্রমায় গণতান্ত্রিক বোধ ও চর্চা নিবিড়ভাবে সংশ্লিষ্ট। তাই আমাদের দীর্ঘ ঐহিতাসিক সংগ্রামে রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের নতুন মাত্রা অর্জনের মধ্য দিয়ে বাংলা নববর্ষের উৎসব পেয়েছে এক উদ্ভাসিত বর্ণিল আবহ।

ন্যাপ নেতৃত্বয় দেশবাসীকে দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, ১৪২৩ নতুন বছরে সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি। বাংলাদেশের প্রতিটি জনপদের ঘরে ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। সমাজ আর রাষ্ট্র থেকে চিরতরে বিদায় নিক অসত্য, অন্যায়, অনাচার,  অশান্তি আর দুর্নীতি ও দুবৃত্তায়ন। ১৪২৩ সালের শুরুতে মহান প্রতিপালক আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে আমাদের এই হোক প্রার্থনা।”

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.