Sylhet Today 24 PRINT

চে গুয়েভারার জন্মদিবসে ছাত্র ইউনিয়নের আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০১৬

১৪ জুন মহান বিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারার জন্মদিবস এবং শহীদ প্রোটন দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর জিন্দাবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক সভাপতি, সিপিবি সিলেট এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন।

সংগঠনের সভাপতি সপ্তর্ষী দাস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ গুপ্ত-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আনোয়ার হোসেন সুমন, সপ্তর্ষী দাস, স্নেহা ভট্টাচার্য্য-সহ আরো অনেকে।

বক্তারা বলেন, “বিংশ শতাব্দীতে যে মহান বিপ্লবী সারা পৃথিবীর সকল নিপীড়িত, শোষিত মানুষের ক্রোধিত উচ্চারণ রূপে আবির্ভুত হয়েছিলেন; যিনি চিকিৎসক হওয়া স্বত্বেও বিলাসবহুল জীবনের মায়া ত্যাগ করে কিউবার নিপীড়িত জনগণের একজন হয়ে রাইফেল হাতে লড়াই করেছিলেন, পরিণত হয়েছিলেন কিউবা বিপ্লবের মহানায়কে; আজ একবিংশ শতাব্দীতে ছাত্র ইউনিয়নের সদস্যরাও সেই  একই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে। ছাত্র ইউনিয়নের প্রত্যেক সদস্যও “চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই চলবে”- চে গুয়েভারার এই মন্ত্রে দীক্ষিত।”

বক্তারা আরো বলেন, “পুজিবাদী সমাজব্যবস্থায় ‘চে’-কে কেন্দ্র করে রমরমা ব্যবসা চলছে। ‘চে’- আজ পৃথিবীর সকল অংশেই পরিচিত একটি নাম। কিন্তু ‘চে’-এর চেতনার সাথে তারাই পরিচিত যারা একটি শোষনবিহীন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।”

আলোচনা সভার দ্বিতীয় পর্যায়ে শহীদ প্রোটন কুমার দাশগুপ্ত এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন আলোচনা সভার অতিথি আনোয়ার হোসেন সুমন।হবিগঞ্জের লাখাই এদুর্নীতিবাজ লোকদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করতে গিয়ে ১৯৯৬ সালের আজকের এই দিনে আওয়ামী-সন্ত্রাসীবাহিনীর হাতে প্রাণ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ছাত্রনেতা প্রোটন। নির্মম হত্যাকাণ্ডের এত বছর অতিক্রান্ত হওয়ার পরও বিচার না হওয়ায় আলোচনা সভা থেকে প্রশাসনের নির্লিপ্ততার নিন্দা জানানো হয়।

আলোচনা সভায় ‘চে’-এর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সংগঠনের সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিল হোসেন।

উল্লেখ্য, চে গুয়েভারা এবং সাবেক ছাত্রনেতা শহীদ প্রোটন কুমার দাশগুপ্ত-কে স্মরণ করে জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে একটি পত্রিকা প্রকাশিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.