Sylhet Today 24 PRINT

ছাত্র ইউনিয়ন সিলেট জেলা’র রবীন্দ্র সংখ্যা প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০১৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়ন সিলেট জেলার উদ্যোগে পত্রিকা “রবীন্দ্র সংখ্যা”- প্রকাশিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৮ আগস্ট)  ছাত্র ইউনিয়ন কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলার সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ কমরেড বাদল কর ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা স্বপ্না দে।

ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সপ্তর্ষী দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ গুপ্ত-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি নেতা বাদল কর, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা স্বপ্না দে, উদীচী সিলেট এর সহ: সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সোহাগ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সহ সভাপতি ইমরানা সুলতানা- প্রমুখ।



বক্তারা বলেন, পাকিস্তান শাসনামলে যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তখন ছাত্র ইউনিয়ন জাতির প্রতি তার দায়িত্ববোধ থেকে এর প্রতিবাদ করেছিল এবং ঐবছরই ঘোষণা দিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করেছিল। আজ হেফাজতে ইসলাম ঘোষণা দিচ্ছে পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ সহ সকল হিন্দু ধর্মাবলম্বীদের লেখা বাতিল করতে হবে। তাই, ছাত্র ইউনিয়নকে বরাবরের মত আবারো তার উপর অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে।

বক্তারা  আরো বলেন, রবীন্দ্রনাথ বাঙালীর কাছে সব সময়ই প্রাসঙ্গিক। বর্তমানে সারা দেশে যে অব্যাহত জঙ্গি হামলা, মৌলবাদের আস্ফালন; তার বিপরীতে দাঁড়িয়ে দুর্বার সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন এবং সেই জায়গায় রবীন্দ্রচর্চাই হতে পারে অন্যতম হাতিয়ার।

আলোচনা সভায় কবিগুরু’র সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সহ-সভাপতি ইমরানা সুলতানা এবং কবি রচিত “সুপ্রভাত”- কবিতাটি পাঠ করেন ছাত্রনেতা ইয়াকুব আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশান্ত সজীব, পিংকু চন্দ, রিপন দাস, নাবিল এইচ, জামিল হোসেন, পার্থ সারথি তালুকদার, আশীষ দাস, অভ্র ভট্টাচার্য, অমিত বিরপতি, দীপঙ্কর সরকার, ফাহমিদা এলাহি বৃষ্টি, আরজু হামিদ, তন্ময় পাল, হাসান, জুবায়ের-সহ আরো অনেকে।    

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.