সিলেটটুডে ডেস্ক | ১৬ জানুয়ারী, ২০১৭
সিলেট সিটি কর্পোরেশনে ব্রেন্ট এর মেয়র কাউন্সিলর পারভেজ আহমদের সাথে মতবিনিময়কালে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘প্রবাসী বাংলাদেশীরা বিদেশের মাটিতে বাংলাদেশের এক একজন শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। তারা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে একের পর এক সাফল্য অর্জণের মাধ্যমে জন্মভূমিকে গর্বিত করছেন। এরকম সফল প্রবাসী বাংলাদেশীদের একজন হলেন যুক্তরাজ্যের ব্রেন্ট মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ। তাদের পদাংক অনুসরণ করে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশের আগামী প্রজন্ম আরও সাফল্য বয়ে নিয়ে আসবে-এমনটাই আশা করছে এদেশের মানুষ।’
সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
মতবিনিময়ে অংশ গ্রহন করেন সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিরর রকিবুল ইসলাম ঝলক, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহানারা বেগম এবং সেন্টার ফর এনআরবি’র চেয়ারম্যান এম. এস. সেকিল চৌধুরী।
পরে ব্রেন্ট এর মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ বাংলাদেশ সফরের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি সিলেট সিটি কর্পোরেশনের সাথে তার শহরের সেতুবন্ধন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। পরে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্রেন্ট এর মেয়র কাউন্সিলর পারভেজ আহমদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।