সিলেটটুডে ডেস্ক | ১৭ জানুয়ারী, ২০১৭
শাবিপ্রবির প্রথম ও একমাত্র বিভাগ ভিত্তিক বিতর্ক সংগঠন ‘ডেল্টা ডিবেটারস ফ্যাক্টরি (ডিডিএফ)’ এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ শিক্ষক-শিক্ষার্থী বিতর্ক।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল ৫টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এই বিতর্ক অনুষ্ঠিত হবে।
শাবিপ্রবি গণিত সমিতির বিতর্ক উইং এর আওতায় পরিচালিত গণিত বিভাগের সংগঠনটির ‘১ম বর্ষপূর্তি উদযাপন উৎসব’ উপলক্ষে বিতর্কটির আয়োজন করা হয়েছে। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ড্রপের জন্য শিক্ষার্থীরাই দায়ী’। বিতর্কে বিষয়ের পক্ষে থাকবেন শিক্ষার্থীবৃন্দ এবং বিপক্ষে থাকবেন শিক্ষকবৃন্দ।
এর আগে ২১ ডিসেম্বর ডিডিএফ এর বর্ষপূর্তির দিন বিতর্কটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত হয়। ডিডিএফ এর মহাসচিব ও উৎসবের আহ্বায়ক রীনা পাল সকল বিতর্কপ্রেমীকে বিতর্কটি উপভোগ করতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, প্রায় তিন বছর পর শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে।