সিলেটটুডে ডেস্ক | ১৭ জানুয়ারী, ২০১৭
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, মাদক দেশ ও জাতির জন্য ভয়ানক। যার ফলে ধ্বংস হচ্ছে অনেক পরিবার। ক্ষতিগ্রস্ত হচ্ছে সামাজিক বন্ধন ও রাষ্ট্রীয় উন্নয়ন। আমাদের দেশ মাদকদ্রব্য উৎপাদনকারী দেশ নয়। চোরাচালান ও কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের স্বার্থ হাসিলের জন্য মাদক প্রচার করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে যুব সমাজ রুখে দাড়াতে হবে। অপরাধী যেই হোক না কেন তার জন্য শাস্তি দিতেই হবে। সামাজিক আন্দোলনই পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে। তাই তিনি সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানান।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) মাদকবিরোধী বিশেষ অভিযান ও প্রচার প্রচারণা মাস জানুয়ারি উপলক্ষে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিডিজিএল উপ-পরিচালক দেবজিত সিনহা। জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সিলেটের পরিচালক মো. জাফরুল্লাহ কাজল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি বিপিএম মো. কামরুল আহসান, এসএমপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, এসএমপি উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, গ্রামীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জামিল চৌধুরী, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।