Sylhet Today 24 PRINT

আ’লীগের সম্মেলনে ইলিয়াস আলীকে নিয়ে ‘কটুক্তি’, জেলা বিএনপির নিন্দা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মার্চ, ২০১৭

আওয়ামী লীগের সিলেট বিভাগীয় তৃনমূল প্রতিনিধি সম্মেলনে বিএনপি নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তি করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।

শুক্রবার (২৪ মার্চ) জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে অবিলম্বে এই প্রতিহিংসামুলক, বিতর্কিত ও ঘৃন্য বক্তব্য প্রত্যাহারের দাবী জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন- সরকার বিএনপিকে আদর্শিক ভাবে মোকাবিলা করতে ভয় পায় বলেই কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মীদের গুম নামক কারাগারে আটকে রেখেছে। আমরা রাজনৈতিক প্রতিযোগিতায় বিশ্বাস করি, প্রতিহিংসায় নয়। তাই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমরা প্রতিযোগী মনে করি, প্রতিপক্ষ নয়। কিন্তু ঐ আ’লীগ নেতা সকল ধরনের রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে বিএনপির জনপ্রিয় সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে নিয়ে বারবার কটুক্তি করছেন। আমরা এই ধরনের শিষ্টাচার বিবর্জিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুস্থ ও সহনশীল রাজনীতি চর্চার জন্য ঐ নেতার প্রতি আহ্বান জানাচ্ছি। আশা করছি উনার শুভ বুদ্ধির উদয় হবে।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, গত বুধবার সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের সিলেট বিভাগীয় তৃনমূল প্রতিনিধি সম্মেলনে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তি করেন। শুধু তাই নয়, তিনি আরো একাধিকবার জননেতা ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.