সিলেটটুডে ডেস্ক | ০৮ মে, ২০১৭
ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস একটি মানবাধিকার সংগঠন। যারা প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় আগামি ১০ মে "মহান মে দিবস উপলক্ষে- শ্রমিকের অধিকার রক্ষায় ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয়" শীর্ষক আলোচনা সভা ও গুণিজন সংবর্ধণার আয়োজন করেছে।
চিকিৎসক ও মানবসেবক হিসেবে বিশেষ অবদান রাখায় সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজের চিকিৎসক ডা. আল-মাহির ফেরদৌস মাহিকে 'মানবাধিকার শান্তি পদক- ২০১৭' এর জন্য মনোনীত করা হয়েছে।
১০ মে রাজধানীর সেগুনবাগিচার আখতার ইমাম অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি মো. জয়নুল আবেদিন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভাষা সৈনিক রেজাউল করিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
ডা. আল-মাহির ফেরদৌস মাহি কেন্দ্র মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া সুলতানা লোদী ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ কুদ্দুস এর একমাত্র সন্তান। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার দাসগ্রামে। তিনি ২০০৯ সালে এমবিবিএস সম্পন্ন করে চাকরিতে যোগদান করেন। বর্তমানে নর্থইস্ট মেডিকেল কলেজে অর্থোপেডিক্স বিভাগে আবাসিক সার্জন হিসেবে কর্মরত।
চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডা. মাহি বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিয়মিত অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ সরবরাহ সহ বিভিন্ন সেবা দিয়ে থাকেন।