সিলেটটুডে ডেস্ক | ২৫ সেপ্টেম্বর, ২০১৭
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এবং সিলেট-জকিগঞ্জ রোড সহ খানা-খন্দকে ভরা যান চলাচলের অনুপযোগী সিলেটের অধিকাংশ রাস্তাগুলো দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। একই সাথে কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
সোমবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, সিলেট জুড়ে অধিকাংশ রাস্তার দিকে তাকালেই ক্ষমতাসীন অবৈধ সরকারের উন্নয়নের নামে জাতির সাথে তামাশার দৃশ্য সবার চোখে ধরা পড়ে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজার রাস্তার এত বেহাল দশা দেশ স্বাধীন হওয়ার পর কখনো হয়নি। ঐ রাস্তাটি যান চলাচলের অনুপযোগী।
তাঁরা আরো বলেন, ঝুঁকি নিয়ে চান চলাচলের কারণে ঘটছে নানা দুর্ঘটনা। খানা-খন্দকে ভরা রাস্তা দিয়ে হেলে-দুলে চলা যানবাহন সমূহে এক ঘণ্টার রাস্তা যেতে লাগে ৪/৫ ঘণ্টা। এছাড়াও এমন অবস্থা সিলেট-জকিগঞ্জ সড়কেও। সরকার দুর্নীতি আর লুটপাট করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হলেও রাস্তা সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করছে না। অবিলম্বে খানা-খন্দকে ভরা রাস্তাগুলো সংস্কারের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।
এদিকে কয়েক দফা বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ কৃষকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান জেলা বিএনপি নেতৃবৃন্দ।
তারা বলেন, দফায় দফায় বন্যায় কৃষকদের কষ্টের ফসল পানিতে তলিয়ে গেছে। কৃষক সমাজ বার বার চেষ্টা করে যখন ফসল উৎপাদনে উদ্যোগী হয়েছেন ঠিক তখনই অকাল বন্যায় তাদের বীজ তলা পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। তারপরও কৃষক সমাজ ফসল উৎপাদনে আবারো উদ্যোগ নিয়েছেন। কিন্তু বর্তমানে অধিকাংশ ধান ক্ষেতে পোকামাকড়ের উপদ্রব দেখা দিয়েছে। ফলে পুনরায় হুমকির মুখে পড়েছে কৃষকদের কষ্টার্জিত ফসল। এই মুহূর্তে এই ফসল রক্ষায় পোকামাকড় দমনকারী ঔষধের প্রয়োজন।
এছাড়াও দফায় দফায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণের পাশাপাশি কৃষকদের মাঝে বিনা সুদে কৃষি বিতরণ করতে হবে। আমাদের কৃষক সমাজ যদি বারবার ক্ষতিগ্রস্থ হন তাহলে তারা কৃষিকাজে নিরুৎসাহিত হবেন। দেশে খাদ্য সংকট দেখা দিবে। তাই ক্ষমতাসীন সরকারের মধ্যে যদি কৃষকদের জন্য ন্যুনতম ভালবাসা থাকে তাহলে সরকারকে কৃষকদের বৃহত্তর কল্যাণের স্বার্থে তাদের মাঝে বিনা সুদে কৃষি ঋণ প্রদান এবং বিনামূল্যে বীজ, সার ও পোকা দমনকারী ঔষধ বিতরণ করতে হবে।