Sylhet Today 24 PRINT

জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে সিলেটে \'ফান ডান\'র যাত্রা শুরু

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ অক্টোবর, ২০১৭

সিলেটে যাত্রা শুরু করলো ব্যতিক্রমধর্মী ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি 'ফান ডান'। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর রোজভিউ হোটেলে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে 'ফান ডান'।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার কামরুল ইসলাম রাব্বি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান 'ফান ডান' ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় রাব্বি তার বক্তব্যে নতুন যাত্রা পাওয়া এই এজেন্সির পথযাত্রার জন্য শুভকামনা জানান। নুরুল হাসান সোহান ব্যতিক্রমী এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে শুভকামনা জানান।

'ফান ডান' ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির পরিচালক রুহেল বিন ছায়েদ জানান, 'সিলেটে ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাছাড়া এ ধরনের কাজ খুব চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মূলত আমরা তিন বন্ধু মিলে এই ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির যাত্রা শুরু করেছি।'

'ফান ডান' ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির অন্য দুই পরিচালক সাইফ উদ্দিন হাদী ও আলমগীর হোসেনের কণ্ঠে আশার বাণী। ইতিমধ্যে বিভিন্ন ইভেন্টের কাজ হাতে নেয়ায় ভবিষ্যৎ বেশ ভালো দেখছেন তারাও।

আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 'ফান ডান' ইভেন্ট ম্যানেজমেন্টের উপদেষ্টা সাবেক ফুটবলার ও বর্তমান কোচ খালেদ আহমেদ ও উপদেষ্টা মাসুদুর রহমান শাওন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.