সিলেটটুডে ডেস্ক | ১১ অক্টোবর, ২০১৭
দক্ষিণ সুরমায় জাগরণী চক্র ফাউন্ডেশনের এবিএএল স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকালে এ উপলক্ষে উপজেলার বরইকান্দি ইউনিয়নের চাঁন্দাই মাঝপাড়া গ্রামের এবিএএল স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবিএএল স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, সমাজের ঝড়ে পড়া শিশুদের শিক্ষার মান উন্নয়নে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন সহ সমাজের সকলকে আন্তরিক হতে হবে। মৌলিক অধিকারের মধ্যে অন্যতম শিক্ষার উন্নয়ন ব্যতীত দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। তাই তাদের জীবন মান উন্নয়ন এবং দেশের বৃহত্তর স্বার্থে এসব শিশুদের শিক্ষা উন্নয়ন নিশ্চিত করতে সকলকে কাজ করতে হবে।
জাগরণ চক্র ফাউন্ডেশনের সিলেট জেলা টিম লিডার মো. আব্দুর রাজ্জাক এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ নেশন’র সিলেট প্রতিনিধি এস এ শফি, সিনিয়র এডুকেশন অফিসার কবির হোসেন, কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার খুরশেদ আলম, মনিটরিং অফিসার আনোয়ারুল ইসলাম, এরিয়া কো-অর্ডিনেটর অফিসার নুর ইসলাম, এডুকেশন অফিসার ইকবাল হোসেন, শিক্ষিকা ফাতেমা বেগম।
প্রধান অতিথি স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাথমিক ও গণ শিক্ষা অধিদপ্তরের অধীনে জাগরণী চক্র ফাউন্ডেশনের সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম এর মাধ্যমে সিলেট জেলার পাঁচটি উপজেলায় ৩৩৩টি স্কুলে এসব কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এতে ঝড়ে পড়া ৮ থেকে ১৪ বছরের শিশুরা তাদের শিক্ষার সুযোগ লাভ করছে।