সিলেটটুডে ডেস্ক | ১৪ অক্টোবর, ২০১৭
৪৮তম বিশ্ব মান দিবস-২০১৭ উপলক্ষে জেলা প্রশাসক সিলেট মহোদয়ের সম্মেলন কক্ষে বিএসটিআই সিলেটের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১৪ অক্টোবর) মান দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় 'স্ট্যান্ডার্ডস মেইক সিটি স্মার্টার' যার ভাবার্থ- “নান্দনিক নগরায়নে মান”।
৪৮তম বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের সভাপতিত্বে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, ক্যাব সিলেট এর সভাপতি জনাব জামিল চৌধুরী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ এবং ক্যাব এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ড. মোসাম্মৎ নাজমানারা খানুম তাঁর বক্তব্যে বলেন, 'সুস্থ ও সুন্দর জীবনযাপন করার জন্য এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতির জন্য সঠিক মানের পণ্য ও সেবা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য তিনি দেশে উৎপাদিত সকল পণ্যের উন্নত মান বজায় রেখে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার আহবান জানান।'
সভায় সভাপতি মো. রাহাত আনোয়ার তাঁর বক্তব্যে বলেন, 'শুধু মাত্র খাদ্য দ্রব্যে নয় জীবনের সকল ক্ষেত্রে সঠিক মান বজায় রাখতে হবে।'
বিশেষ অতিথির বক্তব্যে চেম্বার সভাপতি সঠিক নাগরিক সেবা নিশ্চিত করতে মান সম্মত নগর গঠনের তাগিদ দেন।
ক্যাব সভাপতি জনাব জামিল চৌধুরী বিশেষ অতিথির বক্তৃতায় ভোক্তা পর্যায়ে সঠিক মানের পণ্য সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহবান জানান।
মূল প্রবন্ধ উপস্থাপক ড. মো. জহির বিন আলম বলেন, 'আমরা নিজস্ব উন্নয়নের দর্শন সৃষ্টি করে মান সম্মত পণ্য তৈরি করে জিরো ওয়েস্ট প্রডাকশন এর সংস্কৃতি তৈরির মাধ্যমে সুন্দর পৃথিবী তৈরি করতে পারি।'
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএসটিআই সিলেট এর আঞ্চলিক অফিস প্রধান মো. মাজাহারুল হক, পণ্য ও সেবার গুনগত মান নির্ধারণ ও তার প্রয়োগ নিশ্চিত এবং বিএসটিআই’র উপর অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের গঠন মূলক উপদেশ, উদার দৃষ্টিভঙ্গি এবং পরামর্শ প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন পেট্রোল পাম্প ওনার্স এ্যসোসিয়েশন এর সভাপতি মো. মোস্তফা কামাল, ফুলকলি ফুড প্রোডাক্টস লি: এর ডিজিএম মো. জসিম উদ্দিন, বনফুল এন্ড কোং এর ডিজিএম মো. আব্দুল হক এবং ক্যাব এর সদস্যবৃন্দসহ আরোও অনেকে বক্তব্য রাখেন।