সিলেটটুডে ডেস্ক | ১৫ অক্টোবর, ২০১৭
‘কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিলেটে পালিত হলো কন্যা শিশু দিবস-২০১৭।
রোববার (১৫ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ উদ্যোগে এ দিবসটি পালিত হয়। সহযোগিতায় ছিলেন এনসিটিএফ, প্ল্যান বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ও বিএনডব্লিউএলএ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ লোকসঙ্গীত শিল্পী সুষমা দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, সিলেট সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক সুচিত্রা রায় এবং এডভোকেট আকলিমা চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির সিলেট জেলা সংগঠক সাইদুর রহমান ভূঞা। শিশুদের মধ্যে বক্তব্য রাখেন ঐশিকা দাস। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন এনসিটিএফ সিলেট এর সহ-সভাপতি সাদিয়া ইসলাম রিমি।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় অংশগ্রহণ করে গীতবিতান বাংলাদেশ, শিল্পাঙ্গন, সিলেট ও শিশু একাডেমীর বিভিন্ন বিভাগের শিশুরা।