Sylhet Today 24 PRINT

রুশ বিপ্লবের শততম বার্ষিকী উপলক্ষে উদীচী’র সাংস্কৃতিক সমাবেশ মঙ্গলবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ অক্টোবর, ২০১৭

রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন পরিষদ সিলেটের সদস্য সচিব ও কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম।

সাংস্কৃতিক পর্বে গান, নাচ, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন উপস্থাপনা থাকবে। উদীচী জেলা সংসদের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করবেন ‘বিপ্লবই চেতানা’।

বিংশ শতাব্দীর সবচাইতে উল্লেখযোগ্য ঘটনাগুলোর অন্যতম সমাজতান্ত্রিক রুশ-বিপ্লব। ১৯১৭ সালে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে সংঘটিত রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সাধারণ মানুষকে শোষণ ও বঞ্চনার অন্ধকার থেকে মুক্তি দিয়েছিল। সেই বিপ্লবের অনুপ্রেরণাতেই পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে জেগে ওঠে শৃঙ্খলিত মানুষ। সব শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে উন্নত ও আধুনিক জীবনের যে স্বপ্ন দেখেছিলেন বিপ্লবের নেতৃত্বদানকারীরা, তা বাস্তবে রূপ নিয়েছিল সোভিয়েত রাশিয়ায়। শুধু শোষণ-নির্যাতন থেকে মুক্তিই নয়, সেই বিপ্লবের অভিঘাতে শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণেও বিশ্বব্যাপী এক নতুন জাগরণ শুরু হয়েছিল, যা বিশ্ববাসীর সামনে মুক্তির বারতা নিয়ে উপস্থিত হয়। আমাদের ভূখন্ডের মানুষের মুক্তিসংগ্রামেও রুশ বিপ্লবের প্রভাব নতুন মাত্রা যোগ করেছিল। এমনকি, আজও বিপ্লবের সেই অগ্নিস্ফুলিঙ্গ নিপীড়িত মানুষের সামনে সমাজ বিনির্মাণের লড়াইয়ে অবতীর্ণ হওয়ার নতুন অনুপ্রেরণা যোগায়।

উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি কবি একে শেরাম ও সাধারণ সম্পাদক ডা. অভিজিৎ দাস সকল শ্রেণী পেশার মানুষকে আজকের সকল আয়োজনে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.