Sylhet Today 24 PRINT

নগরীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ অক্টোবর, ২০১৭

কলেজ জাতীয়করণ ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পার্শ্ব প্রবেশের মাধ্যমে শিক্ষা ক্যাডারকে ভয়ংকর অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়ার পায়তারা চলছে। বিধিমালা ২০০০ অনুযায়ী আত্তীকরণ হলে ২০ হাজারেরও বেশি শিক্ষক শিক্ষা ক্যাডারে আত্তীকরণ হবেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শিক্ষা ক্যাডারে বেসরকারি কলেজ জাতীয়করণসহ অন্য যেকোনো প্রক্রিয়ার শিক্ষক আত্তীকরণ সমর্থন করে না। বিসিএস পরীক্ষায় যোগ্য বিবেচিত না হয়ে ক্যাডার সার্ভিসে প্রবেশের যেকোনো উদ্যোগ প্রতিহত করা হবে বলে সিলেট সরকারি মহিলা কলেজ মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক সাব্বীর আহমদ।

রোববার (২২ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নগরীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময়কালে আরো বক্তব্য রাখেন সমিতির জেলা সভাপতি ও এমসি কলেজের সহযোগী অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ  ও সাধারণ সম্পাদক এমসি কলেজের সহযোগী অধ্যাপক তৌফিক এজদানি চৌধুরী, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক ফাহিমা জীনু বায়েন, সহযোগী অধ্যাপক অরুন চন্দ্র পাল ও সহকারী অধ্যাপক জামাল উদ্দিন।

সভায় নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যে জাতীয়করণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটি অনুশাসন দিয়েছেন। তা হলো-‘‘ জাতীয়করণকৃত কলেজের শিক্ষকগণ স্ব স্ব কলেজ হতে অন্য কলেজে বদলি হতে পারবেন না”। আগামী ১৬ নভেম্বরের মধ্যে জাতীয়করণের জন্য ঘোষিত বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন, নন ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নিদর্শনা অর্ন্তভূক্ত বিধিমালা করতে হবে। অন্যথায় ১৭ নভেম্বর ঢাকায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মহাসমাবেশ ডেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

নেতৃবৃন্দ বলেন, জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করা হলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নতুন প্রজন্মের শিক্ষকগণ ক্ষতিগ্রস্ত হবেন।  ক্যাডারের প্রায় ১৬ হাজার শিক্ষক সংখ্যালঘু অংশে পরিণত হবে। যা ক্যাডারের শৃঙ্খলায় বিপর্যয় নিয়ে আসবে। সরকারের শিক্ষানীতি ২০১০-এ সরকারি কর্ম-কমিশন পরিচালিত পরীক্ষা ও নিয়োগের জন্য সুপারিশকৃত কর্মকর্তাদের স্বার্থ সংরক্ষণের বিধি রয়েছে। জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত হবার সুযোগ নেই।

উদ্ভূত পরিস্থিতিতে সমিতি কয়েকটি দাবি তুলে ধরে। যার মধ্যে রয়েছে- জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের নন ক্যাডার করে তাদের চাকুরী স্ব স্ব কলেজে সুনির্দিষ্ট করা, জাতীয়করণের আদেশ জারির পূর্বেই বিধিমালা প্রণয়ন, বিসিএস ছাড়া ক্যাডারভুক্ত না করা ও সরকারি করা ১২টি মডেল কলেজের শিক্ষকদেরও অনুরূপ বিধিমালার আওতায় আনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.