Sylhet Today 24 PRINT

ছাত্রদল নেতা উমেদের বাসায় পুলিশি তল্লাশি, সিলেট জেলা বিএনপির নিন্দা

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০১৭

সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক উমেদুর রহমান উমেদ এর বাসায় র‌্যাব-পুলিশের তল্লাশি ও পরিবারের সদস্যদের সাথে অসদাচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, অবৈধ বাকশালী সরকার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে শহীদ জিয়ার সৈনিকদের উপর হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উমেদুর রহমান উমেদ এর বাসায় মঙ্গলবার দুপুরে অভিযানের নামে হয়রানি চালায় র‌্যাব-পুলিশ। এসময় তাকে বাসায় না পেয়ে তার পরিবারের সদস্যদের সাথে অসদাচরণ করা হয়। আমি এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.