সিলেটটুডে ডেস্ক | ০৭ ডিসেম্বর, ২০১৭
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লাকি আহমদের রামের দিঘীরপাড় মির্জাজাঙ্গালের বাসায় বুধবার রাতে পুলিশী তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লাকি আহমদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দায়ের ও তার রামের দিঘীরপাড় মির্জাজাঙ্গালের বাসায় পুলিশী তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট ও ভাতের অধিকার হরণ করে জোরপূর্বকভাবে আইনশৃঙ্খলাবাহিনী ব্যবহার করে ক্ষমতা ধরে রাখতে চায়।
তারা আরো বলেন, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা তার প্রতিবাদ জানালে তাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে দলীয় নেতাকর্মী অথবা আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে মামলা দায়ের করছে। দলের নেতা কর্মীদের প্রাণনাশের হুমকি এবং বাসা-বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশী তল্লাশির নামে হয়রানী করছে যা অত্যন্ত ন্যাক্কারজনক। অবিলম্বে লাকি আহমদ সহ বিএনপিার সর্বস্তরের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুণ এবং সকল রাজবন্দীদের নি:শর্ত মুক্তি দিন।