Sylhet Today 24 PRINT

শাবির স্বপ্নোত্থানের শীতবস্ত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ডিসেম্বর, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) মৌলভীবাজার জেলার কুলাউড়ার গাজীপুর চা বাগানে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। শনিবার (৯ ডিসেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী কবীর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার গাজীপুর চা বাগানে স্বপ্নোত্থানের সদস্যরা চা-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্বপ্নোত্থানের বর্তমান সভাপতি আল ফয়সাল অনিক, সহ-সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী কবীর, শীতবস্ত্র কার্যক্রমের আহ্বায়ক সৌরভ ঘোষ, সাবেক সভাপতি শাকিব হোসাইন প্রমুখ। এছাড়া গাজীপুর চা বাগান কর্তৃপক্ষের মধ্যে ম্যানেজার এসকে কাজল মাহমুদ, সহকারী ম্যানেজার সমীর সেন ও সহকারী ফ্যাক্টরি ম্যানেজার অনাবীল চক্রবর্তী উপস্থিত ছিলেন।

কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর চা বাগানের ম্যানেজার এসকে কাজল মাহমুদ। এসময় তিনি বলেন, বিশ^বিদ্যালয়ের তরুণরা সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ালে একটি সুন্দর সমাজের স্বপ্ন খুব সহজেই দেখা যায়। চা বাগানগুলোতে সীমাবদ্ধতার জায়গা ও অনেক শ্রমিক থাকার কারণে কর্তৃপক্ষের সবসময় পাশে দাঁড়ানোটা অনেকটাই কঠিন হয়ে পড়ে। এজন্য শীতবস্ত্র বিতরণের জন্য তিনি স্বপ্নোত্থানকে ধন্যবাদ জানান।

আল ফয়সাল অনিক বলেন, এবছর বিশ^বিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও আশেপাশের এলাকার মেস, বাসা-বাড়ি থেকে কাপড় সংগ্রহ করে স্বপ্নোত্থান। এছাড়াও প্রাপ্ত আর্থিক সহযোগিতা থেকে প্রায় চারশটি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এজন্য কুলাউড়া স্টুডেন্টস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবীর সাহানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ প্রদান করেন তিনি।

উল্লেখ্য, শাবির এ স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই অত্যন্ত আস্থার সাথে সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া ও অন্যান্য বিষয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া বিনামূল্যে রক্তদান, দুস্থদের সহায়তা এদের নিয়মিত কার্যক্রমের অংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.