Sylhet Today 24 PRINT

সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক কমিটির নির্বাচন: রিটের শুনানি ৩১ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৭

হাই কোর্টের নির্দেশে স্থগিতকৃত সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি. ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সংক্রান্ত রিট পিটিশনের (রিট পিটিশন নং-১৭৭৭০/২০১৭) শুনানি ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ ডিসেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারপতি মো. আতাউর রহমান খান-এর হাই কোর্ট ডিভিশন বেঞ্চে শুনানির জন্য রিট পিটিশনটি পাঠানোর নির্দেশ দেন।

অন্যতম সভাপতি প্রার্থী মো. আরিফ মিয়ার উপরোক্ত রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ওই বেঞ্চ ৩ মাসের জন্য সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি. ব্যবস্থাপনা কমিটির নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছিলেন।

এর পরিপ্রেক্ষিতে অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. নুনু মিয়া নির্বাচন স্থগিত সংক্রান্ত হাই কোর্টের নির্দেশনা বাতিলের আবেদন জানিয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে একটি পূর্ণাঙ্গ বেঞ্চ দরখাস্তকারী মো. নুনু মিয়ার আবেদন খারিজ করে হাই কোর্ট বিভাগের যে বেঞ্চ স্থগিতের নির্দেশ দিয়েছিলেন, সে আদালতেই তা শুনানির নির্দেশ দেন।

উল্লেখ্য, ৭ ডিসেম্বর সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি. ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর আগের দিনই সভাপতি প্রার্থী মো. আরিফ মিয়া নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও বিধি বহির্ভূত কার্যকলাপের অভিযোগ এনে হাইকোর্টে উপরোক্ত রিট পিটিশন দাখিল করেন। পিটিশনকারীর পক্ষে আদালতে দরখাস্ত উপস্থাপন করে ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিম কাফী। সংশ্লিষ্ট ল’ চেম্বারের পক্ষ থেকে নির্বাচন স্থগিত সংক্রান্ত হাই কোর্টের নির্দেশনার অবিকল নকল কপি আদালত থেকে তুলে সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি. ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আয়োজক কমিটির নিকট পাঠানো হয়। এ নির্দেশনার কারণে নির্বাচন কমিটি ৭ ডিসেম্বরের পূর্বনির্ধারিত ভোট গ্রহণ বাতিল ঘোষণা করেন। ফলে ভোট গ্রহণের সকল আয়োজন সম্পন্ন থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.