সিলেটটুডে ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৭
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ ফটো সাংবাদিক ও সুরমা বয়েজ ক্লাবের উপদেষ্টা আতাউর রহমান আতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) নগরীর কলবাখানী এলাকায় সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা অন্যায়ের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাঁকে আহত ও বাসা ভাংচুর করে। মামলা হওয়ার পরও এখনো কোন আসামি ধরতে পারেনি পুলিশ।
প্রতিবাদ সভায় যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় সুরমা বয়েজ ক্লাব কঠোর কর্মসূচী দিতে বাধ্য।
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, পুষ্টি বেকারির স্বত্ত্বাধিকারী সোহাদ রব চৌধুরী, জালালী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মন্তাজ হোসেন মুন্না, মির্জা শাকিল বেগ, জুম্মান খান কানু, আব্দুল খালিক, সুরমা বয়েজ ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক বদরুল ইসলাম পারভেজ, সদস্য কয়েছ আহমদ দ্বারা, উবেদ নুর চন্দু, আব্দুল খালিক প্রমুখ।