Sylhet Today 24 PRINT

তানিম হত্যা মামলা : ছাত্রদল নেতা উমেদকে জড়ানোয় বিএনপির নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ জানুয়ারী, ২০১৮

সিলেটে ছাত্রলীগ কর্মী তানিম হত্যাকাণ্ডের ঘটনায় সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উমেদুর রহমান উমেদকে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে আসামী করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সংবাদ মাধ্যমে দেওয়া এক যুক্ত বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বকত চৌধুরী সাদেক নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সিলেটে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দলের জের ধরে ছাত্রলীগ কর্মী তানিম খানকে খুন করা হয়েছে। এটা সর্বজন বিধিত ও সর্বমহল কর্তৃক স্বীকৃত। নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বজনদের বাদী না করিয়ে রাজনৈতিক হীন উদ্দেশ্যে শাহপরান (রহ.) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় উদ্দেশ্যপ্রনোদিত ভাবে ছাত্রদল নেতা উমেদুর রহমান উমেদকে আসামী করা হয়। এতে করে নিহতের স্বজনদের বিচার বঞ্চিত করার পাশাপাশি নিহত ছাত্রলীগ নেতার লাশকে রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

উক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে তানিম হত্যা মামলা থেকে ছাত্রদল নেতা উমেদ সহ তার সহকর্মীদের অব্যাহতি প্রদান সহ প্রকৃত খুনীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.