সংবাদ বিজ্ঞপ্তি | ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
পরামর্শ সামনে নিয়ে ইউবিআর বাংলাদেশ অ্যালায়েন্স একটি আলোচনা সভা আয়োজন করে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ইউবিআর বাংলাদেশ অ্যালায়েন্স-এর উদ্যোগে জাতীয় পাঠ্যপুস্তকে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্বলিত জেন্ডার সংবেদনশীল শিক্ষার অন্তর্ভুক্তি করার লক্ষ্যে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর হোটেল গোল্ডেন টিউলিপ: দি গ্র্যান্ড মার্ক হোটেলে।
ইউবিআর বাংলাদেশ অ্যালায়েন্স-এর চেয়ার এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার।
সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের যুগ্ম-সচিব ও পরিচালক ড. মো. আমিনুল ইসলাম, সরকারী শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ অধ্যাপক কানিজ সৈয়দা বিনতে সাবাহ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) শিক্ষাক্রম সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান, নেদারল্যান্ডস দূতাবাসের এসআরএইচআর ও জেন্ডারের সিনিয়র অ্যাডভাইজর মাসফিকা জামান সাতিয়ার।
সভা প্রধান হিসেবে আলোচনা সভাটি পরিচালনা করেন ইউবিআর বাংলাদেশ অ্যালায়েন্স-এর চেয়ারম্যান রোকেয়া কবির।
ইউবিআর অ্যালায়েন্সের পক্ষে আরো বক্তব্য রাখেন - কাজী সুরাইয়া সুলতানা, ডা. দিবালোক সিংহ, ড. নুর মোহাম্মদ, মতিউর রহমান।
এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী, শিক্ষক প্রশিক্ষণ কলেজের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় আরো অংশগ্রহণ করেন ইউনিসেফ, ইউএনএফপিএ, প্লান ইন্টারন্যাশনালের প্রতিনিধিবৃন্দ।
সভায় আলোচকবৃন্দ বলেন-শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে জীবন দক্ষতা ভিত্তিক সমন্বিত যৌনতা শিক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। “ন্যাশনাল স্ট্রাটেজি ফর অ্যাডোলেসেন্ট হেলথ ২০১৭-২০৩০” বাস্তবায়নে সকল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বয়স উপযুক্ত সমন্বিত যৌনতা শিক্ষা অন্তর্ভুক্ত করা, মাধ্যমিক পর্যায়ের যে সকল শিক্ষক-শিক্ষিকা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক পাঠদান করেন তাদেরকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করতে হবে। শিক্ষক প্রশিক্ষণ কারিকুলামে প্রয়োজনীয় সংস্কার করা যাতে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকগণ জেন্ডার সংবেদনশীল যৌন ও প্রজননস্বাস্থ্য শিক্ষা এবং অধিকার সংক্রান্ত শিক্ষা প্রদানের জন্য যথাযথ দক্ষতা অর্জন করতে পারেন। ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) কোর্সে জেন্ডার এবং যৌন ও প্রজননস্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে হবে।
উল্লেখ্য , ইউবিআর বাংলাদেশ অ্যালায়েন্স বাংলাদেশের ৯টি সমাজসেবা প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত, যা নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত। উক্ত ৯টি প্রতিষ্ঠান হচ্ছে বাপসা, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার, আরএইচস্টেপ, বন্ধু সোসাল ওয়েলফেয়ার সোসাইটি, ব্র্যাক আইডি এবং নারীপক্ষ।