সংবাদ বিজ্ঞপ্তি | ৩০ মে, ২০১৮
২০১৭-১৮ শিক্ষাবর্ষে দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি বাতিলের জরিমানা প্রত্যাহার এবং অবিলম্বে রেজিষ্টেশন কার্ড ইস্যুর দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে মঙ্গলবার (২৯ মে) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানার সভাপতিত্ব ও সহ সভাপতি সঞ্জয় কান্ত দাশের পরিচালনায় বক্তব্য রাখেন এম.সি কলেজ শাখার সাধারণ সম্পাদক আল-আমিন, মদন মোহন কলেজ শাখার সংগঠক পলাশ কান্তি দাস, সিলেট সরকারী মহিলা কলেজ শাখার সংগঠক তানজিনা বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, উচ্চ শিক্ষায় আসন সংখ্যা সীমিত ও ভর্তির ক্ষেত্রে চরম অনিশ্চয়তার কারণে অনেক শিক্ষার্থী দ্বৈত ভর্তিতে বাধ্য হন। ফলে এটা কোন শিক্ষার্থীর ব্যক্তিগত ত্রুটি-বিচ্যুতির দায় নয় বরং সরকার সকল শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার পর্যাপ্ত আয়োজন নিশ্চিত করেনি বলে এই সংকট তৈরি হচ্ছে। সরকারের এই দায়ভার কেন একজন শিক্ষার্থী বহন করবে। কেনইবা এই জরিমানা গুনতে হবে। এ জরিমানা অগণতান্ত্রিক-অনৈতিক বলে সমাবেশে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে এই অযৌক্তিক ফি আরোপ করেছেন তা শিক্ষার বাণিজ্যিকীকরণকেই তরান্বিত করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বেশিরভাগই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের হওয়ায় বেশিরভাগেরই এই টাকা দেয়ার সামর্থ্য নেই। ফলে স্বাভাবিকভাবেই এদের শিক্ষা জীবন হুমকির মধ্যে পরবে বলে জানান বক্তারা।
সমাবেশে অবিলম্বে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি বাতিলের জরিমানা প্রত্যাহার এবং রেজিষ্টেশন কার্ড ইস্যু করে লক্ষ লক্ষ শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষা করার আহবান জানানো হয়।