সংবাদ বিজ্ঞপ্তি | ০২ জুন, ২০১৮
লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের (মেজর ইন ইসলামিক ইকনোমিকস এ্যান্ড ব্যাংকিং) উদ্যোগে ‘মাহে রমযানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ জুন) বিকালে দক্ষিণ সুরমারস্থ লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের গ্যালারি-১ এ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ফজলে এলাহি মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এস.এম আলী আক্কাস, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর অবসরপ্রাপ্ত মো. শাহ আলম পিএসসি।
অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মুহাম্মদ জিয়াউর রহমানের উপস্থাপনায় বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ইসলামি ফাউন্ডেশন এর সহকারি পরিচালক মাওলানা শাহ মো. নজরুল ইসলাম। শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক ও সেন্টার ফর ইসলামিক রিসার্চ সিলেট এর সাধারণ সম্পাদক মাওলানা মো. কমর উদ্দিন, বিশিষ্ট গবেষক ও কবি মাওলানা মুসা আল হাফিজ, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমযান মাস মহাগ্রন্থ কুরআন নাযিলের মাস। কুরআনের কারণেই এ মাসের সম্মান বৃদ্ধি পেয়েছে। তাই এমাসের তাৎপর্য উপলব্ধি করে কুরআন শিক্ষার প্রচার ও প্রসার ঘটানো একান্ত প্রয়োজন। শান্তিময় সমাজ, দেশ ও জাতি গঠনে কোরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যুগের চাহিদা কে সামনে রেখে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা করে কুরআন শিক্ষার ব্যবস্থা করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. এস.এম আলী আক্কাস বলেন, ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হালাল উপার্জন। ইসলামি অর্থব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা প্রত্যেকেরই প্রয়োজন। লিডিং ইউনিভার্সিটি এ বিষয়টি সামনে রেখে ইসলামি অর্থব্যবস্থার সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য ইসলামিক স্টাডিজ বিভাগে ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে
এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে অত্র বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে কামাল বাজার ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম সালেহীর মুনাজাত ও আলোচনার মাধ্যম সভার সমাপ্তি হয়।