Sylhet Today 24 PRINT

ধানমন্ডিতে ৩দিনের তরুণ উদ্যোক্তা পণ্য মেলার শুরু ৪ আগস্ট

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ আগস্ট, ২০১৮

‘চাকরি প্রার্থী হবে চাকরিদাতা’ শ্লোগানকে উপজীব্য করে আগামী ৪ থেকে ৬ আগস্ট ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তরুণ উদ্যোক্তার পণ্য মেলা ২০১৮’। ৩ দিন ব্যাপী আয়োজিত মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ ইয়ুথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস এন্ড হেল্পসেন্টার (বি‘ইয়া) এর চেয়ারপার্সন ব্যারিষ্টার মুনজুর হাসান। রাজধানীর ধানমন্ডি-২৭ (পুরাতন), ওমেন ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

তরুণদেরকে সৃজনশীল উদ্যোগ গ্রহণের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত করে বেকারত্বদূর, দারিদ্রমোচন এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ২০০৭ সাল থেকে কাজ করছে বাংলাদেশ ইয়ুথ এন্টারপ্রাইজ অ্যাডভাইজ এন্ড হেল্পসেন্টার- বি’ইয়া।  চাকরি মুখি না হয়ে উদ্যোক্তা হিসেবে পরিণত করার ক্ষেত্রে বি’ইয়া তরুণদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, ব্যবসা পরামর্শ, আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন প্রভৃতি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে। এ পর্যন্ত ১৫০০ তরুণ ও ১৫০ জন মেন্টরের সমন্বয়ে এগিয়ে চলেছে বি’ইয়া’র তরুণ উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম।

উল্লেখ্য যে, প্রিন্স চার্লস প্রতিষ্ঠিত ইয়ুথ বিজনেস ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বাংলাদেশের একমাত্র নেটওয়ার্কভূক্ত সদস্য হিসেবে ২০০৯ সাল থেকে তরুণ উদ্যোক্তা উন্নয়নে সফলতার সাথে কাজ করছে বি’ইয়া।

অনুষ্ঠিতব্য ‘তরুণ উদ্যোক্তাদের পণ্য মেলা’য় মোট ৫০ জন তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করবে। এই মেলায় বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে তরুণ উদ্যোক্তার তৈরি রোবট গেইম, লাইভ ফটো সেশন, ফিজিওথেরাপি, বিউটি পার্লারের সদস্য হওয়ার সুযোগ। এছাড়াও মেলায় খাদ্য, বুটিক্স্, ফিজিওথেরাপি, হ্যান্ডি ক্র্যাফট, লেদার, হোম আইটেম, মিডিয়া, ইলেক্টনিক্স, জুটপণ্য, কসমেটিক, ই-কমার্স, তথ্যপ্রযুক্তি ও গৃহস্থালি পণ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত ও বিক্রয় করা হবে। তরুণ উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ইতিমধ্যে সুনাম অর্জনে সক্ষম হয়েছে।

আগামী ৬ আগস্ট বিকেল ৬টায় মেলার সমাপনই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় তথ্য মন্ত্রী জনাব হাসানুল হক, এমপি। মেলায় সর্বসাধারণের প্রবেশ বিনামূল্যে করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.