সংবাদ বিজ্ঞপ্তি | ৩০ সেপ্টেম্বর, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথিতযশা সংগীতজ্ঞ ও সিলেট বিভাগের খ্যাতিমান শিল্পী, গীতিকার, কবি ও ব্যঙ্গচিত্রকর-কার্টুনিস্ট এ. কে. আনামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ মহসীন অডিটোরিয়ামে একে আনাম স্মৃতি পরিষদের উদ্যোগে এই স্মরনসভা অনুষ্ঠিত হয়।
একে আনাম স্মৃতি পরিষদের আহ্বায়ক জিল্লুর আনাম চেমনের সভাপতিত্বে আয়োজিত স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী জামাল উদ্দীন হাসান বান্না, কবি ও গীতিকার শামছুল আলম সেলিম। মুখ্য আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ।
স্মরনসভায় বক্তারা একে আনামের দীর্ঘ কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করে তার লিখিত গানগুলোর নেপথ্যের গল্প তুলে ধরেন।
পরে মৃদুলকান্তি পাল মলয় সম্পাদিত একে আনামের স্মৃতির উদ্দেশ্যে লিখিত গ্রন্থ "স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল একে আনাম" এর মোড়ক উন্মোচন করা হয়।
পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা এ কে আনাম রচিত সিলেটের আঞ্চলিক গানগুলো পরিবেশন করেন।