Sylhet Today 24 PRINT

মনোবিজ্ঞানীদের বিশ্ব সম্মেলনে যাচ্ছেন ডা. সাঈদ এনাম

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ অক্টোবর, ২০১৮

বিশ্ব মনোবিজ্ঞানীদের সম্মেলনে যোগ দিতে জাপানের টোকিওতে যাচ্ছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাঈদ এনাম।

সম্মেলনে তিনি ছাড়াও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া।

এলাইড একাডেমী স্কলার্স উদ্যোগে আগামী ১৮ ও ১৯ অক্টোবর জাপানের টোকিওতে ১৯তম আন্তর্জাতিক সাইকিয়াট্রি অ্যান্ড সাইকিয়াট্রিক ডিসওর্ডার কংগ্রেস অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাঈদ এনাম। এলাইড একাডেমি সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানান মেডিকেল বিষয়ে অভিজ্ঞ স্কলারদের নিয়ে প্রতিবছর এ রকম ইন্টারন্যাশনাল কংগ্রেসের আয়োজন করে থাকে।

আন্তর্জাতিক এই কংগ্রেসে কী-নোট স্পিকার হিসাবে বাংলাদেশের সাইকিয়াট্রিস্ট ডা. সাঈদ এনাম ব্রেইন স্ট্রোক এন্ড ডিপ্রেশন নিয়ে তার গবেষণা তুলে ধরবেন। আর ডা. জোবায়ের মিয়া এপিলেপ্সী বা মৃগী রোগ বিষয়ে তার গবেষণা বিশ্ব মনোবিজ্ঞানীদের এ আসরে তুলে ধরবেন।

প্রসঙ্গত, ডা. সাঈদ এনাম ইউরোপিয়ান সাইকিয়াট্রিক এসোসিয়েশনের একজন মেম্বার। চলতি বছরের ডিসেম্বরে আমেরিকার লস এঞ্জেলস এ তাঁর ওয়ার্ল্ড সাইকোলজি এন্ড সাইকিয়াট্রি কনফারেন্স, ২০১৯ সালের এপ্রিলে লন্ডনে অনুষ্ঠিতব্য মেন্টাল হেলথ কনফারেন্সে অস্ট্রিয়া, ভিয়েনায় স্লিপ কংগ্রেসে তাঁর স্পিকার হিসেবে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে।

সাইকিয়াট্রিস্ট ডা. মোহাম্মদ সাঈদ এনামের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের বেড়কুড়ি গ্রামে। তিনি ১৯৯১ সালে কুলাউড়া এন সি হাইস্কুল থেকে এস.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগ ও ১৯৯৩ সালে সিলেটের এম সি কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগ নিয়ে পাশ করেন। ২০০২ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে তিনি সাইকিয়াট্রি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি বিসিএস ২৪তম ব্যাচে উত্তীর্ণ স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে তিনি ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে মানসিক রোগ বিষয়ে সেমিনারে অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.