সিলেটটুডে ডেস্ক | ০৫ ফেব্রুয়ারী, ২০১৯
‘গ্রন্থাগারে বই পড়ি আলোকিত মানুষ গড়ি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় সিলেটেও ২য় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সিলেট বিভাগীয় গণগ্রন্থাগার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এই দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারী গণগ্রন্থাগার সেমিনার কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় সরকারি গ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান ও উপ-পরিচালক মো. শওকত আলী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বলেন, ‘জ্ঞানই আলো, এই মূল্যবান সম্পদ আহরণ ছাড়া জীবনের উন্নয়ন সম্ভব নয়। জ্ঞান আরোহণের জন্য বেশি করে পাবলিক লাইব্রেরীতে যেতে হবে। লাইব্রেরির সাথে হৃদয়ের সম্পর্ক গড়ে তুলার মাধ্যমে জীবনে সফলতা আসবে।
সিলেট বিভাগীয় সরকারী গ্রন্থাগারের সহকারী পরিচালক দিলীপ কুমার সাহার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এডিসি(শিক্ষা ও আইসিটি) মো. আসলাম উদ্দিন, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ। টেকনিক্যাল সহকারী মো. মাসুদ রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত রঞ্জন দাস প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিশু একাডেমির সাবেক সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী, তাঁতিকোনা আজিজ বাড়ি নূর স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা আব্দুল গফফার উমরা মিয়া।