সিলেটটুডে ডেস্ক | ১২ এপ্রিল, ২০১৯
বাংলা নববর্ষ ১৪২৬ কড়া নাড়ছে দুয়ারে। তাই বৈশাখ বরণে বর্ণিল আয়োজনের পসরা সাজিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। নববর্ষের চিরায়ত ঐতিহ্যের আদলে সাজানো হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস।
বাংলা নববর্ষ উদযাপনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির আয়োজনের মধ্যে রয়েছে নাচ, গান, বৃষ্টিবন্দনা, আবৃত্তি, পুঁথিপাঠ, সাপখেলা, বানরনাচ, পুতুলনাচ, বায়োস্কোপ প্রভৃতি। থাকছে দেশীয় সংস্কৃতির পরিবেশনা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। এখানে ১০টি স্টল থাকবে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ উদযাপনের প্রধান পৃষ্ঠপোষক বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন এবং উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।