Sylhet Today 24 PRINT

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদবস্ত্র দিচ্ছে সিলেট প্রথম আলো বন্ধুসভা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৯

ঈদুল ফিতর উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে ‘একটি করে রঙিন জামা’ কর্মসূচি শুরু হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। ৩য় বারের মতো এই কর্মসূচি পালন করছে সিলেট প্রথম আলো বন্ধুসভা।  

শনিবার (২৫ মে) বিকাল সাড়ে চারটায় তারাপুর চা বাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নগরের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে একটি করে রঙিন জামা বিতরণ করা হয়।

কর্মসূচীর প্রথম দিনে নগরের টুকের বাজার, নয়াবাজার, আখালিয়া, পাঠানটুলা এলাকার ৫ মাস বয়স থেকে ১২ বছর বয়সী ২০ জন শিশুকে একটি করে রঙিন জামা দেওয়া হয়।

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কাপড় বিতরণের আগে বন্ধুসভার সদস্যদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি পরিবেশন করে বন্ধুসভার সদস্যরা। পরে তার জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বন্ধুসভার বন্ধু রণবীর চৌধুরী রাহুল।   

সিলেট বন্ধুসভার সভাপতি শাহ সিকান্দার শাকির বলেন, এই নিয়ে ৩য় বারের মতো আমরা এই কর্মসূচি পালন করছি। এ পর্যন্ত প্রায় ৫১৭টি রঙিন জামা সুবিধাবঞ্চিত শিশুদের দেওয়ার পরিকল্পনা করেছি। এবার শুধু সিলেট নগরের শিশুদের নয়, শহরতলীর শিশুদের মাঝেও একটি করে রঙিন জামা দেওয়ার উদ্যোগ নিয়েছি আমরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.