Sylhet Today 24 PRINT

\'প্রীতিকথা\' নাট্যগ্রন্থের প্রকাশনা ও প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস পালন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৯

সিলেট বাতিঘরে রীমা দাস রচিত 'প্রীতিকথা' নাট্যগ্রন্থের প্রকাশনা ও গ্রন্থ পরিচিতি এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস পালিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় সিলেটের বাতিঘরে আহবায়ক ফরিদা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাশ এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ রণজিত দাস।

নাট্যগ্রন্থ 'প্রীতিকথা'র গ্রন্থ পরিচিতি অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নিজাম উদ্দিন লস্কর ময়না, বিশিষ্ট শিক্ষাবিদ ড.আবুল ফতেহ ফাত্তাহ ও বিশিষ্ট নাট্যকার রুমা মোদক।

অনুপমা সাহার সঞ্চালনায় প্রথমে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের সদস্য সচিব শারমিন জুঁই। তারপর মঞ্চে আসেন 'প্রীতিকথা' নাট্যগ্রন্থের লেখক নাট্যকার রীমা দাস। তিনি প্রীতিলতার জীবন নিয়ে লেখা নাটকটির নাট্যভাবনা তুলে ধরেন।

নাট্যকার রীমা দাস বলেন- ব্রিটিশবিরোধী আন্দোলনসহ সকল ধরনের স্বাধিকার আন্দোলনে এদেশের নারীরা বীরত্বের সাথে লড়াই করেছে। মূলত সেইসব সাহসী নারীদের কথা নাটকের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস এই 'প্রীতিকথা' নাটক।

রীমা দাসের বক্তব্যের পর মঞ্চে আসে একদল ফিনিক্স। আবু বকর আল আমিনের পরিচালনার তারা 'প্রীতিকথা' নাট্যগ্রন্থ থেকে শ্রুতিনাটক হিসেবে একটি দৃশ্য পাঠ করে। আলোচকবৃন্দ গ্রন্থটির গঠনমূলক আলোচনা করেন এবং লেখকের ভূয়সী প্রশংসা করেন তাঁর নাটকের বিষয় হিসেবে অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে বেছে নেয়ার জন্য।

মঞ্চে প্রীতিলতার শেষ বিবৃতি পাঠ করেন শতভিষার অদিতি মহারত্ন, মুক্তি রানী দাস ও সাইমা শাহীদ। এবং মায়ের কাছে প্রীতিলতার লেখা একটি চিঠি পাঠ করে শোনান সৈয়দ সাইমুম আনজুম ইভান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি এ কে শেরাম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিসফাক আহমদ মিশু, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, নাট্যজন এনামুল মুনীর, অধ্যাপক হোসনে আরা কামালীসহ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি তুষার কর, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বিশিষ্ট আবৃত্তিকার জ্যোতি ভট্টাচার্য, এনায়েত হোসেন মানিক, লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ, নাট্যজন জন শ্যাম, সাংবাদিক আশরাফুল কবির, প্রফেসর প্রণব কান্তি দেব, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক হাসান মুর্শেদ, নির্মল কান্তি তালুকদার, সাইফুর রহমান চৌধুরী সুমন, দিবাকর সরকার শেখর, সোহাগ যাদু, উত্তম কাব্য দাস, তন্ময় নাথ তনু, রাজীব রাজ, ফাহমিদা খান উর্মি, বনশ্রী রায়, পলি দে, রুবেল আহমদ কুয়াশাসহ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো শতভিষা।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.