সংবাদ বিজ্ঞপ্তি | ২৭ নভেম্বর, ২০১৯
গানে-আড্ডায় উৎসবমুখর পরিবেশে সিলেটে 'বন্ধু মানে আয়না' নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী করা হয়েছে।
মঙ্গলবার (২৭ নভেম্বর) নগরীর রিকাবীবাজারে কবি নজরুল মিলনায়তনে এই প্রদর্শনীর আয়োজন করেছে স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়ুয়া।
বিকেল থেকেই সিলেটের চলচ্চিত্রপ্রেমীরা মিলনায়তনের আঙ্গিনায় জমায়েত শুরু করেন।
সন্ধ্যায় মঞ্চে উঠেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ও কাকতাড়ুয়ার সদস্য ফরিদা পারভীন ইতি, বিপ্লব কুমার সরকার, ইমতিয়াজ আহমেদ চৌধুরী, ইমরানুল কবির এবং শান্ত ইকবাল।
গিটার ও কাহনের তালে তালে তারা উপস্থিত দর্শকদের গান গেয়ে শুনান। একপর্যায়ে গান পরিবেশন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ঈশিতা দেব ইশন। এর ভেতরেই কাকতাড়ুয়ার কাছে পাঠানো দর্শক ও তাদের সেরা বন্ধুদের ছবি পর্দায় দেখানো হয়।
সন্ধ্যা ৭টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'বন্ধু মানে আয়না' প্রদর্শিত হয়।
প্রদর্শনী শেষে সিনেমাটির শিল্পী, কলাকুশলী ও কাকতাড়ুয়ার সদস্যদের নিয়ে মঞ্চে উঠেন চলচ্চিত্রের পরিচালক ফয়সাল খলিলুর রহমান। এ সময় তার সাথে আরও ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিভাগের চিকিৎসক রেজওয়ানা হাবীবা।
তিনি উপস্থিত দর্শকদের বিভিন্ন মনরোগ, মানবসম্পর্ক ইত্যাদি বিষয়ে ধারণা দেন।
চলচ্চিত্রের পরিচালক ফয়সাল খলিলুর রহমান বলেন, বন্ধুত্ব ও মানবজীবনের সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য বাংলাদেশে তেমন কোনও ভালো প্ল্যাটফর্ম নেই। তাই নিজেরাই উদ্যোগী হয়ে সিলেট শহরেই প্রিমিয়ারের ব্যবস্থা করেছি।
পুরো প্রিমিয়ার অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাচিক শিল্পী সুনন্দা দত্ত ও ময়েমবম মেমিতা। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে পাঠানো হবে বলে জানিয়েছেন পরিচালক ফয়সাল খলিলুর রহমান।
বন্ধু মানে আয়না চলচ্চিত্রে অভিনয় করেছেন তাসমিয়া কানিজ আহমেদ, অপিউর রহমান, ইয়ামিন ওসমান ইউহান, রেদওয়ানা তাবাসসুম বহ্নি, সাবিহা নাসরিন তৃণা, নওরিন তন্বী, মাহির চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়ুয়া কমিউনিটি ডেভেলপমেন্টে বিশেষ অবদানের জন্য সারা বাংলাদেশের সেরা সংগঠন হিসেবে 'জয় বাংলা ইয়ুথ' পুরস্কার জিতেছিল। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ক্যামেরার মাধ্যমে সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলন করে আসছে।