সিলেটটুডে ডেস্ক | ২৭ নভেম্বর, ২০১৯
জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে বছরব্যাপী নাট্য প্রদর্শনী কর্মসূচির অংশ হিসেবে 'বাঘের শিন্নি' নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫মিনিটে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ করা হবে।
জেলা শিল্পকলা একাডেমি নাটক বিভাগের পরিবেশনায় এবং নাট্য প্রশিক্ষক ভবতোষ রায় বর্মণের রচনা ও নির্দেশনায় এই নাটকটি মঞ্চস্থ হবে।
একটি বিলুপ্ত প্রায় লোকজ সংস্কৃতির নাম বাঘের শিন্নির গান। বাংলাদেশের ভাটি অঞ্চল বিশেষত সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা এবং ভারতের আসাম অঞ্চলে এক সময় বাঘের শিন্নির গানের বেশ প্রচলন ছিল। বিশেষত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়ের গড় এলাকার শাহ আরেফিনের মাজারকে কেন্দ্রে করে এ সংস্কৃতি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। গ্রামের জমিদার বা গৃহস্থ তাদের ঘরে ঘরে রাখাল রাখতো। রাখলরা গরু চড়ানোর পাশাপাশি ধান কাটাসহ যাবতীয় গৃহস্থের কাজ করে দিত। মাঘ-ফাল্গুন মাসে শীতের সময় আশে পাশের জঙ্গল থেকে বাঘ প্রজাতির পশুরা গ্রামে হানা দিত। সেই বাঘের হাত থেকে রক্ষা করতে রাখালরা রাত জেগে গ্রাম পাহারা দিত। বড় শিন্নি আয়োজনের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হতো। তখন হতো বাঘের শিন্নির গান।
বিলুপ্ত প্রায় গ্রাম্য এই সংস্কৃতিকে উপজীব্য করে নির্মাণ করা হয়েছে এই নাটকটি। মূলত নাট্যশিল্পের উন্নয়ন, প্রসার, পরিচর্যা ও নাট্যদলসমূহকে প্রণোদনা দেয়ার লক্ষ্যে নিয়মিত নাট্যচর্চার অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে এই কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।
এতে সহযোগিতায় রয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। নাটকটি উপভোগ করার জন্য সকল নাট্যামোদী দর্শককে সাদর আমন্ত্রণ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।