Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি সচল করার দাবিতে বিক্ষোভ সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ নভেম্বর, ২০১৯

শ্রমিক সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি দেন

হাই কোর্টের নির্দেশ মোতাবেক ভোলাগঞ্জ পাথর কোয়ারি সচল না হওয়ার প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর)দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা লাখো ব্যবসায়ী ও শ্রমিকের রুটি-রুজির একমাত্র উপার্জনস্থল ভোলাগঞ্জ পাথর কোয়ারি সচল করার আহ্বান জানান। দ্রুত সময়ের মধ্যে ভোলাগঞ্জ পাথর কোয়ারি সচল ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন কার্যক্রম স্বাভাবিক করে না দেয়া হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হাজী শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলিম উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশরাফুল ইসলাম চাঁন মিয়া, আকদ্দুছ আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহাব উদ্দীন সুলেমান, কাওছার আহমদ, লিটন আহমদ প্রমুখ।

শ্রমিক সমাবেশ শেষে দ্রুত ভোলাগঞ্জ পাথর কোয়ারি চালুর দাবিতে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.