Sylhet Today 24 PRINT

মাওলানা মুজিবুর রহমান ভাদেশ্বরী আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৯

সিলেটের প্রখ্যাত আলেম, নগরীর রেলগেইট জামে মসজিদের প্রধান খতিব মাওলানা শেখ মুজিবুর রহমান ভাদেশ্বরী আর নেই। বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নগরীর কুয়াপারস্থ নিজ বাস ভবনে ভোর সাড়ে ৪টায় অজু পড়ার সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা শেখ মুজিবুর রহমান ভাদেশ্বরী আল্লামা ফুলতলী (র:) অন্যতম খলিফা ছিলেন। বৃহত্তর সিলেটসহ বিভিন্ন জেলায় তার ভক্ত ও আশেকান রয়েছেন। তিনি জালালপুর আলিয়া মাদ্রাসার শিক্ষক, ওসমানীনগর গোয়ালাবাজার খাদিমপুর কাঠালখাইড় হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্টসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।

তার পিতা মাওলানা শেখ আব্দুর রকিবও একজন খ্যাতিমান আলেম ছিলেন।

বুধবার বাদ আছর মরহুমের নিজ বাড়ি ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে তার পিতার কবরের পাশে দাফন করা হবে। জানাজার নামাজে ইমামতি করেন মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।

বক্তব্য দেন- চান্দাইরপাড়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল সরওয়ার জাহান, জালালপুর আলিয়া মাদরাসার প্রিন্সিপাল জফরুদ্দিন আবদুল মুনিম, মাওলানা আব্দুল আলীম ছহেবজাদায়ে বরণী, সুপ্রিমকোর্টে আইনজীবী অ্যাডভোকেট আখতারুজ্জামান ও মরহুমের বড় ছেলে শেখ আব্দুল আজিজ সুজা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.