সিলেটটুডে ডেস্ক | ০৩ জানুয়ারী, ২০২০
সবুজ প্রকৃতি সিলেটকে অনন্য করে তুলেছে। পর্যটন এলাকাসহ সিলেটের নানা দৃশ্য আলোকচিত্রীদের ছবিতে প্রকৃত সৌন্দর্য প্রকাশ পেয়েছে। আমরা সিলেটের পরিবেশ ও প্রকৃতি সুরক্ষার মধ্যে দিয়ে ছবির মতো সুন্দর এক সিলেটকে দেখতে চাই।
সিলেটের পর্যটন এলাকাসহ ইতিহাস ও ঐতিহ্যের ১২টি ছবি নিয়ে তৈরি ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পরিবেশ, সংস্কৃতি ও শিক্ষাসংশ্লিষ্ট সিলেটের বিশিষ্টজনেরা এসব কথা বলেছেন। বিজ্ঞাপন নির্মাণপ্রতিষ্ঠান ‘অ্যাডলিংক’ ২০২০ সালের এই ক্যালেন্ডার তৈরি করেছে।
গত বৃহস্পতিবার রাতে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় অ্যাডলিংক কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত আতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সমন্বয় করেন অ্যাডলিংক পরিচালক পিযূষকান্তি পুরকায়স্থ ও অরূপ দাশ।
১২ মাসের সঙ্গে বিশেষ দিন ও দৃশ্যপটের মিল রেখে তৈরি ক্যালেন্ডারে স্থান পাওয়া ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী আনিস মাহমুদ। তিনি প্রথম আলোর সিলেটের নিজস্ব আলোকচিত্রী। তাঁর এই ছবিগুলো বিভিন্ন সময়ে প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। ১২টি ছবি বাছাই করার ক্ষেত্রে খৃষ্টীয় বছরের ১২টি মাসের প্রকৃতি ও বৈশিষ্ট্যের প্রতি খেয়াল রাখা হয়েছে।
ক্যালেন্ডারে দেখা গেছে, জানুয়ারি মাসের সঙ্গে ছবি দেওয়া হয়েছে সিলেট নগরের ঘাসিটুলা এলাকায় লোকালয়ে বিচরণ করা পাখি। ফেব্রুয়ারি মাসে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার, মার্চে প্রতিরোধ ভাস্কর্য, এপ্রিলে বাংলা নববর্ষ বরণ প্রস্তুতি, শ্রমজীবীদের অধিকারবিষয়ক পাথর কোয়ারির শ্রমিকদের ছবি মে মাসে, বন ও প্রাণীর ছবি জুন মাসে। এভাবে ১২ মাসে ১২টি ছবি রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে নতুন প্রজন্মের দেখায় বঙ্গবন্ধুর ম্যুরালের ছবিও স্থান পেয়েছে আগস্ট মাসে। ডিসেম্বরে জাতীয় পতাকা নিয়ে গ্রামীণ একটি ছবি রয়েছে। এ ছাড়া, রয়েছে হাওর প্রকৃতি, লাল শাপলার বিল, গরুর মাড়াই ও কেনাকাটার ছবি।
অ্যাডলিংক কর্তৃপক্ষ জানিয়েছেন, দিন–তারিখ দেখার সঙ্গে মৌসুম অনুযায়ী সিলেটের ছবি সামনে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে তাঁরা ছবিযুক্ত একটি ‘ডিজিটাল ক্যালেন্ডার’ প্রকাশ করবেন।